রায়পুরে জেলেকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:০২
রায়পুর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্তার মাঝি (৬০) নামের এক জেলে নিহত হয়। শনিবার সকালে চরকাছিয়া মোস্তফা বেপারির মাছ ঘাটের কাছে নদীতে এ ঘটনাটি ঘটে। ছাত্তার মাঝি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নাইয়া পাড়ার মৃত ওহাদ উল্যা মাঝির ছেলে। জেলেদের বরাত দিয়ে রায়পুর চরবংশী খাসেরহাট মত্স্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারি জানান, নদীতে মাছ ধরা নিয়ে ছাত্তার মাঝির সাথে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সুমন, স্বপন ও জাকিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ছাত্তারকে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।