রাজশাহীতে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১১
রাজশাহী মহানগরীতে পৃথক ঘটনায় ঠাকুরমারা এবং বাগমারার বাজেকোলা গ্রামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজপাড়া থানার ওসি জানান, গত শুক্রবার গভীর রাতে নগরীর ঠাকুরমারা লিলি সিনেমা হল এলাকায় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে হানিফ শেখকে কুপিয়ে জখম করে। এসময় বাধা দিলে তার স্ত্রী জোহরা বেগম ও কন্যা রিনা বেগমকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতেই হানিফ শেখকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার তিনি মারা যান। এ ঘটনায় নিহত হানিফের স্ত্রী রাজপাড়া থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলায় জড়িত সন্দেহে পুলিশ শাখাওয়াত হোসেন শাকিল এবং হালিম উদ্দিনকে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে জমি নিয়ে বিরোধের জেরে বাগমারা উপজেলার বাজেকোলা গ্রামে গতকাল বড় ভাই মোজাফ্ফরের হাঁসুয়ার কোপে ছোট ভাই আব্দুল খালেক (৪২) খুন হয়েছেন। নিহত আব্দুল খালেক গ্রামের নাসির উদ্দিনের ছেলে। বাগমারা থানার ওসি জানান, খালেকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাফ্ফর ঘর থেকে হাঁসুয়া এনে তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই খালেক মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে মোজাফ্ফর পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।