মাছ ধরাকে কেন্দ্র করে মেঘনা নদীতে প্রতিপক্ষ জেলেদের হামলায় ছাত্তার মাঝি (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ৩ জন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর পানির ঘাট নামের পয়েন্টে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই আবদুল খালেক বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেঘনা নদীতে গতকাল সকালে মাছ ধরাকে কেন্দ্র করে ছাত্তার মাঝির সাথে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সুমন, জালাল, রিপনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে সুমনের নেতৃত্বে কয়েকজন জেলে ছাত্তার মাঝিসহ নৌকায় থাকা অন্য জেলেদের এলোপাতাড়িভাবে মারে। ঘটনাস্থলেই ছাত্তার মাঝি নিহতসহ ৩ জেলে আহত হন। আহত জেলেরা হলেন—বাছেদ মাঝি (২৮), হাসান ব্যাপারী (৩২) ও মোহাম্মদ আলী (৪০)।
