যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জন্য জিএসপি পুনর্বহালের ক্ষেত্রে সহযোগিতা করে যাবে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করে শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে এখন বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছে। এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যেসব অতিরিক্ত ও উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে, সেজন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড বা বহুতল ভবন ধসের মতো যেসব ভয়াবহ ঘটনা ঘটছে সেগুলোর মোকাবেলা বা পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করতে হবে। মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্র সরকার মনে করে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, দর কষাকষির প্রক্রিয়ায় যুক্ত হওয়াসহ শ্রমিক অধিকার ও শ্রমমানের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। শ্রমমানের ব্যাপারে যে উদ্বেগ রয়েছে তা দূর করতে হবে। সেজন্য আমরা সহযোগিতা করব। তিনি বলেন সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর প্রেক্ষাপটে কর্মপরিবেশ ও শ্রমমান উন্নত ও নিশ্চিত করা জরুরি।
