হলিউডের ক্ষমতাবান অভিনেত্রীর তালিকায় শীর্ষে স্থান পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ফোর্বস ম্যাগাজিনের করা এই জরিপের তালিকায় ১০০ অভিনেত্রীর নাম রয়েছে। এই তালিকায় শীর্ষ দশজনের মধ্যে ২য় অবস্থান দখল করেছেন জেনিফার লোপেজ। বাকিরা হলেন জেনিফার অ্যানিস্টন, টুইলাইট সাগা খ্যাত ক্রিস্টেন স্ট্রুয়ার্ট, জেনিথ প্যাট্রো, মেরিল স্ট্রিপ, ইমা স্টোন, চারলিজ থ্যারন, মিলা কুনিস এবং স্যান্ড্রা বুলক। এদিকে যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন বন্ধে সমর্থন আদায়ের চেষ্টা করছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি। কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন সিরিয়ার শরণার্থীদের জন্য গড়ে তোলা জর্ডানের এক ক্যাম্প। গত সোমবার এ বিষয়ে কথা বলেন সংবাদকর্মীদের কাছে। তুলে ধরেন যুদ্ধক্ষেত্রে নির্যাতনের শিকার হওয়া নারীদের দুর্দশার কথা।
জোলি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি সবকিছুর আগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই শুরু করে তাহলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। আর তারা যদি তা না করে তাহলে এমন বীভত্সতা চলতেই থাকবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে যুদ্ধক্ষেত্রে যেন নারীর উপর কোন ধরনের নির্যাতন না চালানো হয় এই আহ্বান জানিয়েছেন হলিউডের এই তারকা। জোলির আহ্বানকে সমর্থন দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
