লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণপুর ইলিশা বাড়ির নুরুল ইসলামের ছেলে ফরিদ তার শ্বশুরের অব্যাহত হুমকির মুখে শনিবার দুপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। জানা যায়, গত দু’মাস পূর্বে ফরিদ প্রেমের সূত্র ধরে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার গ্রীদ্দ-কলনদিয়ার খোকন মিয়ার মেয়ে রুনা আক্তারকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টি ফরিদের বাবা-মা মেনে নিলেও মেনে নেয়নি রুনার বাবা খোকন মিয়া। বিয়ের পর থেকে শ্বশুর খোকন মিয়া প্রায়ই জামাই ফরিদকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন শনিবার দুপুরে খোকন মিয়া জামাই ফরিদের সাথে মোবাইলে উত্তেজিত হয়ে কথা বলার কিছুক্ষণ পরেই ফরিদ সবার অলক্ষ্যে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করে তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
