ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে পণ্যবাহী ট্রাক ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ৩টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- কুমিল্লার তিতাস উপজেলার হরিপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫) ও একই জেলার কোতয়ালী থানাধীন সৈয়দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান (২৮)। এ সময় অপর ছিনতাইকারী পারভেজ পালিয়ে যায়।
ট্রাক চালক আনোয়ার হোসেন জানান, নওগা থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ইলিয়টগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছার পর একটি মোটরসাইকেল যোগে তিনজন লোক আমাকে গাড়ি থামানোর সিগনাল দেয়। আমি তাদের সিগনাল না মেনে গাড়ি চালাতে থাকি। মোটরসাইকেলটির সামনে পুলিশ লিখা ছিল। পরে তারা আমার পিছু নিয়ে কুটুম্বপুর স্টেশন অতিক্রম করার পরপর আমার গাড়ির গতিরোধ করে পুলিশের লোক পরিচয় দিয়ে আমাকে মারধর শুরু করে। এ সময় আমার সঙ্গে থাকা ১১হাজার ৫শ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ তাদের ধাওয়া করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ছিনতাই চলাকালীন সময়ে তাদেরকে ধাওয়া করলে তারা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ থাদের ধাওয়া করে দুইজনকে আটক করে চান্দিনা থানা পুলিশে হস্তান্তর করে।
আরও পড়ুন: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, কুটুম্বপুর স্টেশন এলাকাটি চান্দিনা হলেও ঘটনাস্থলটির সীমানা দেবিদ্বার থানাধীন হওয়ায় আমরা দেবিদ্বার থানায় হস্তান্তর করেছি।
ইত্তেফাক/কেকে
