মৌলভীবাজারে ইউএনও’র গাড়ি চাপায় রিকশাচালক নিহতমৌলভীবাজার

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:০২
মৌলভীবাজার শহরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের গোবিন্দশ্রী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ধাক্কায় নূর উদ্দিন (৩৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়েন এবং ঐ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় নূর উদ্দিন মারা যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়িটি দুর্ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খান নিজেই চালাচ্ছিলেন। তিনি গাড়িটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। তবে এ ব্যাপারে আশরাফুল আলম খান বলেন, তিনি গাড়ি চালাননি, চালকই গাড়ি চালিয়েছিল। রিক্সাচালকের কারণেই ঐ দুর্ঘটনা ঘটেছে।