রাজধানীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী ও গৃহবধূসহ তিনজন। শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সকালে ২৫০, উত্তর শাহজাহানপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাজেদা আক্তার পুতুল। তার বাবা মোহাম্মদ মাতু মিয়া পুতুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে পুতুল বড় ছিলেন। তিনি কিছুদিন ধরে মানসিক ব্যাধিতে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে, মুগদার ৭২/৯, পূর্ব মানিকনগরের বাসা থেকে শনিবার গভীর রাতে মো: শরিফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম আবদুল মালেক। বরিশালের মুলাদী উপজেলায় তাদের গ্রামের বাড়ি। মৃত্যুর আগে মো: শরিফ তার মা, বোন ও স্ত্রীর উদ্দেশে একটি চিরকুটে লিখেছেন, তোমরা আমাকে ক্ষমা করো।
অপরদিকে, মোহাম্মদপুরের ৯৪, কাঁটাসুর নামা বাজারের বাসা থেকে শাহনাজ বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসআই কামাল জানান, ঐ বাসা থেকে শনিবার রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী একজন হোটেল ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, ঘটনার সময়ে শিশু মেয়েকে নিয়ে বাসায় একা ছিলেন শাহনাজ বেগম। রাতে হোটেলের এক কর্মচারী বাসার বাজার দিতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। দাম্পত্য কলহের জের ধরে শাহনাজ আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।
