বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা একেবারেই বাতিল করা হয়নি। বরং স্থগিত করা হয়েছে। এ স্থগিতাদেশের ফলে বাংলাদেশে শ্রমিক পরিস্থিতির উন্নয়ন ও রানা প্লাজা ধসের মত ঘটনা রোধ হবে। জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার টাইগার। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীর তীরে মেঘনা শিল্প পার্ক পরিদর্শনের সময়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
রাষ্ট্রদূত মেঘনা শিল্প পার্কের ভেতরে মেঘনা গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জাহাজ তৈরির অন্যতম বৃহত্ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে জাহাজ তৈরির কর্মকৌশল পরিদর্শন করেন। সোনারগাঁও সংবাদদাতা জানান, রাষ্ট্রদূত মেঘনা গ্রুপের শিল্প কারখানা দেখে সন্তুষ্ট প্রকাশ করেন এবং এ গ্রুপকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মেঘনা গ্রুপের শ্রমিকদের কর্মপরিস্থিতি দেখেও সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
