রমজানে বাজারে ঝোলানো হবে নিত্যপণ্যের মূল্য তালিকা

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৭
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না জানিয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেছেন, আগামী দুই-এক দিনের মধ্যে ভোজ্য তেল-চিনিসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম নির্ধারণ করা হবে। এরপর নির্ধারিত মূল্যের তালিকা প্রতিটি বাজারে ঝুলিয়ে দেয়া হবে। গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি-আই-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করবে। দেশে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনেকে গুজবে পুরো মাসের বাজার একদিনে করেন। এ কারণেও অনেক সময় দাম বাড়ে বলে তিনি উল্লেখ করেন। এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী ও সরকার একসঙ্গে কাজ করছে।