মুলাইদ গ্রামের আমতলী এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের পুকুর থেকে স্কুল ছাত্র খোকনের(১৪) মৃত দেহ গত শনিবার রাতে উদ্ধার করে পুলিশ। সে মাওনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির আবাসিক ছাত্র। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম বাদী হয়ে গতকাল রবিবার শ্রীপুর থানায় ঐ স্কুলের অধ্যক্ষ রওশন হাসান রুবেলসহ ৮ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
অধ্যক্ষ রওশন হাসান রুবেল বলেন, ১৫/২০জন ছাত্র গত শনিবার ফুটবল খেলে কাদাযুক্ত শরীর নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। সবাই ফিরে এলেও খোকন ফিরে আসেনি। রাতে খোঁজার পরে পুকুর পাড়ে তার মৃত দেহ পাওয়া যায়। এ মৃত্যুকে তিনি একটি ‘দুর্ঘটনা’ বলে দাবি করেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় চিহ্নিত অপরাধীদের গ্রেফতার না করতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। নিহত খোকনের সহপাঠীরা জানায়, ঘটনার পরপরই শিক্ষক কর্মচারীরা কে কোথায় গেছে তারা কেউ জানে না।
