পল্লবীতে পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৮
রাজধানীর পল্লবীর একটি মত্স্য খামারের পুকুর থেকে নজরুল ইসলাম সানি (১৫) নামে এক স্কুল ছাত্রের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে কালশীর নতুন রাস্তা সংলগ্ন বৈশাখী মত্স্য খামারের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পল্লবী থানার এসআই এবি সিদ্দিক জানান, গতকাল বিকালে থানায় খবর আসে বৈশাখী মত্স্য খামারের একটি পুকুরে একজনের লাশ ভাসছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো গেঞ্জি পরিহিত ভাসমান লাশটি উদ্ধার করে। তার মুখের দাঁত ও চোয়াল ভাঙ্গা ছিল। তাই পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর ঘাতকরা লাশ পুকুরে ফেলে দিয়েছে। এদিকে, গতকাল সন্ধ্যার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এসে উদ্ধার হওয়া লাশটিকে নিজের ছেলে সানি বলে শনাক্ত করেন পল্লবীর বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি জানান, গত শুক্রবার পল্লবীর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের ২৩ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে বের হয়ে সানি নিখোঁজ হয়। সানি মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। তিনি আরো অভিযোগ করেন জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।