দুই ছাত্রদল কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা স্বীকার করে দুই ছাত্রদল কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেয়া আসামিরা হলেন- মাহবুবুল আলম ও আকিল মাহমুদ। মাহবুবুল তিতুমীর কলেজ থেকে এ বছর রাষ্ট্রবিজ্ঞানে ও আকিল ম্যানেজমেন্টে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। আদালতসূত্রে জানা যায়, বড় পদ পাওয়ার লোভে ঢাকা মহানগর ছাত্রদলের (উত্তর) সভাপতির পরিকল্পনা ও নির্দেশেই তারা তথ্যমন্ত্রীর বাসায় এ বোমা হামলা চালান। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফানউল্লাহ আসামিদের দেয়া স্বীকারোক্তি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সাতদিনের রিমান্ডে থাকাকালীন তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে চাইলে গতকাল তাদের আদালতে হাজির করা হয়।