নারায়ণগঞ্জে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের চানপুর এলাকায় গত শনিবার রাতে নূরুল ইসলাম (৫৫) নামে এক নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই রাতে এলাকার একটি গ্যারেজ থেকে তিনটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। নূরুল ইসলাম চানপুর এলাকার নবাব আলীর ছেলে। এলাকাবাসী জানান, মদনপুরের চানপুরে আবদুর রউফের একটি গ্যারেজে সিএনজি অটোরিকশা রাখা হতো। ওই এলাকাতে রাতে পাহারা দিত নূরুল ইসলাম। গতকাল রবিবার সকালে গ্যারেজের পাশে নূরুল ইসলামের লাশ পাওয়া যায়। পরে গ্যারেজ তল্লাশি করে দেখা যায়, মোকলেস, সোহেল ও তাহের মিয়ার মালিকানাধীন তিনটি সিএনজি অটোরিকশা নেই। এছাড়া ওই রাতে আশেপাশের অনেক বাড়িঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়া হয়েছিল। বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, নৈশ প্রহরীর মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে স্পষ্ট করে বলা যাবে না।