সাভারে পৃথক ঘটনায় এক কিশোরে ঝুলন্ত মরদেহ এবং ট্রাক চাপায় নিহত এক পথচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নরসিংহপুর বেরন এলাকার একটি মাঠ থেকে এবং আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার একটি মাঠ থেকে আসলাম (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত আসলাম ভোলা সদরের বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে। সে স্থানীয় মেল্লাবাজার এলাকায় মৃত হাসেম দেওয়ানের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বেরন এলাকার হুইজহু ভাইজিয়া গ্লোবস কোম্পানি লিমিটেডের চামড়া শুকানোর খোলা মাঠের পাশে এক কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কাছে ড্যান্ডি নামক মাদক পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ হয়ে হতাশায় সে আত্মহত্যা করে থাকতে পারে।
আরও পড়ুন: পাবনায় তাপদাহের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
এদিকে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের সালেহপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) পরিচয় এক পথচারী নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সকালে রাজধানী ঢাকা থেকে একটি দ্রুত গতির ট্রাক সাভারের দিকে আসছিল। এ সময় ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌছলে রাস্তা পাড় হওয়ার সময় এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/কেকে
