রবিবার দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। খবর আমাদের জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
কুমিল্লা \ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৩-২০১৪ অর্থবছরের প্রায় ২৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র মনিরুল হক সাক্কু। গত অর্থবছরের চেয়ে এবারের বাজেটে প্রায় ৩৯ কোটি টাকা বেশি বরাদ্দ ধরা হয়েছে। নতুন করারোপ না করে এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
নওগাঁ \ ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য নওগাঁ পৌরসভার ২৪ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর হলরুমে শহরের বিশিষ্ট নাগরিক, সুধীজন, সাংবাদিক ও পৌর পরিষদের সদস্যদের উপস্থিতে পৌর মেয়র নজমুল হক সনি এ বাজেট ঘোষণা করেন।
মাধবপুর (হবিগঞ্জ) \ নতুন করারোপ ছাড়াই মাধবপুর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের ৩০ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৬২৮ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা এ বাজেট ঘোষণা করেন।
দাউদকান্দি (কুমিল্লা) \ পৌর মেয়র নাছির উদ্দীন আহমেদ দাউদকান্দি পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। পৌর মেয়র ১১ কোটি ৭৯ লক্ষ ৭ হাজার ৮৭১ টাকার বাজেট ঘোষণা করেন।
চাটমোহর (পাবনা) \ চাটমোহর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মিলনায়তনে পৌর মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা ৯ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ১৩৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৫শ টাকা।
মানিকগঞ্জ \ মানিকগঞ্জ পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করা হয়। এ বছর ১৬০ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৬০২ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. রমজান আলী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ করিম।
সাঘাটা (গাইবান্ধা) \ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২ নং ভরতখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ভরতখালী ইউপি চেয়ারম্যান ছামছুল আজাদ শীতলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) \ সোনারগাঁও পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান।
গোপালগঞ্জ \ নতুন কোন করারোপ ছাড়াই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের ৫১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৪৩১ টাকার নয়া বাজেট ঘোষণা করা হয়েছে। টুঙ্গিপাড়া পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন এ বাজেট ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের ২৭ কোটি ৯ লাখ ৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর হলরুমে ৩য় তলায় মেয়র হাবিবুর রহমান এক জনাকীর্ণ সমাবেশে বাজেট ঘোষণা করেন।
কুড়িগ্রাম \ কুড়িগ্রাম পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট উন্মুক্তভাবে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম পৌর হলরুমে মেয়র নূর ইসলাম নুরু জনসম্মুখে এই বাজেট ঘোষণা করেন।
ভৈরব (কিশোরগঞ্জ) \ ভৈরব পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ১৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ৬০ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ১৭৬ টাকা।
গুরুদাসপুর (নাটোর) \ নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ২৭ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌর মেয়র শাহনেওয়াজ আলী এ বাজেট ঘোষণা করেন।
দেলদুয়ার (টাঙ্গাইল) \ ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দেলদুয়ার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউ পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া।
মোহনগঞ্জ (নেত্রকোনা) \ নতুন কোন করারোপ ছাড়াই মোহনগঞ্জ পৌরসভার ৬ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৮৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মো. মাহবুবুন্নবী শেখ এ বাজেট ঘোষণা করেন।
গাইবান্ধা \ গাইবান্ধা সদর উপজেলা পরিষদের প্রস্তাবিত ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৯৪৯ টাকা অনুমোদন করা হয়েছে। এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৩ লাখ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৯৪৯ টাকা। বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৩১ হাজার ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৯৪৯ টাকা। বাজেটে উদ্বৃত্ত ও ঘাটতি দেখানো হয় নাই।
