রাডের প্রত্যাবর্তনে সমর্থন বাড়ছে ক্ষমতাসীনদের

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড তাকে সমর্থনকারীদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে পুরস্কৃত করেছেন। এদের সমর্থনেই তিনি জুলিয়া গিলার্ডের কাছ থেকে ক্ষমতা পুনরায় ফিরে পেয়েছেন বলে মনে করা হয়। খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের। জাতীয় নির্বাচনের আগে রাডের ক্ষমতাগ্রহণের পর নতুন জরিপে দেখা যায়, তার লেবার পার্টির সমর্থন উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাড তার মন্ত্রিসভায় ১১ জন নারীকে অন্তর্ভুক্ত করেছেন। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ড কে বুধবার আস্থাভোটে পরাজিত করার পর এই পদক্ষেপ নারী ভোটারদের দিক থেকে নেতিবাচক প্রতিক্রিয়া মোকাবিলায় তাকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ২০০৭ থেকে ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকা রাডকে লেবার পার্টি পুনরায় নেতৃত্বে নিয়ে এসেছে। এর আগে জরিপে গিলার্ডের নেতৃত্বে ওই আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের বড় ধরনের পরাজয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সোমবার অস্ট্রেলিয়ার একটি প্রভাবশালী পত্রিকার জরিপে দেখা যায় রাডের ফিরে আসা লেবার পার্টিকে ভালই সাহায্য করেছে। রাডের প্রত্যাবর্তনে পার্টির সমর্থন ৬ শতাংশ বেড়ে ৪৩ থেকে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। ওই জরিপ অনুযায়ী, কনজার্ভেটিভ বিরোধী দলের সমর্থন গত সপ্তাহে ৫৭ শতাংশ থেকে কমে ৫১ শতাংশে নেমে আসার পরও রক্ষণশীল বিরোধী ছোটখাট দলগুলোর কাছ থেকে অগ্রাধিকার বন্টনের পর প্রধান দুই পক্ষের মধ্যে তারা ভোটে এগিয়ে ছিলো।