মেহেরপুরে চাঁদার দাবিতে দোকানে বোমা হামলা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:০০
দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় মেহেরপুর শহরের একটি হার্ডওয়্যারের দোকানে বোমা ছুঁড়েছে সন্ত্রাসীরা। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি। তবে ব্যবসায়ীমহলে তীব্র ভীতি ও ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পরপরই তারা দোকান বন্ধ করে প্রধান সড়কের উপর বড় বড় পানির ট্যাংকি সাজিয়ে রেখে যান চলাচল বন্ধ করে দেন। পরে মেহেরপুর থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত নয়টার দিকে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় প্রধান সড়কের পাশে অবস্থিত জহুরুল এন্টারপ্রাইজ লক্ষ্য করে বোমা হামলা করে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী দুই সন্ত্রাসী। খরব পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাল টেপ দিয়ে মোড়ানো অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। শক্তিশালী দু’টি গ্রেনেড উদ্ধার গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুর শহরের মল্লিক পাড়ার এম,এস ছাত্রাবাস থেকে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি শক্তিশালী গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৬। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব। উদ্ধারকৃত গ্রেনেড দু’টি খুলনার র্যাবের একটি বোমা বিশেষজ্ঞ দল এসে সোমবার দুপুরে নিষ্ক্রিয় করেছে।