ময়মনসিংহের গৌরীপুরে ২০১২-১৩ অর্থবছরে শেষদিন রবিবার ৩০ জুন এক বিএনপি নেতার তৈরি ৫৩টি ভুয়া প্রকল্পের অধীনে খয়রাতি ১৫৯ টন চাল বিতরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে হামলা, ভাংচুর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ছিদ্দিকীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের পত্রের আলোকে বেশ কয়েকটি এতিমাখানা ও মাদ্রাসার অনুকূলে ১০৫ টন চাল বরাদ্দ হয়।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, অর্থ বত্সরের শেষদিনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হককে যাছাই-বাছাই ছাড়াই ভুয়া প্রকল্পের মাধ্যমে ১৫৯ টন চাল আত্মসাতের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম ছিদ্দিকী। বৃহস্পতিবার ছাড়পত্র দেয়া হয়। প্রতিবাদে নেতাকর্মীরা রবিবার বিকালে তার কার্যালয়ে হামলা চালায়। হামলায় আসবাবপত্র ভাংচুরের সত্যতা স্বীকার করে সিরাজুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ছাড় দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস বরাদ্দ চাল উত্তোলনে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেয়ার কথা স্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার শায়লা ইয়াসমিন এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইতিপূর্বে হাফেজ আজিজুল হক কর্তৃক খয়রাতি, টিআর ও কাবিখা প্রকল্পের কোন কাজ না করে ২২৫ টন চাল/গম আত্মসাত করার অভিযোগ রয়েছে।
