পাবিপ্রবি শিক্ষার্থীরা ভিসির আশ্বাসে ক্লাসে যোগ দিয়েছে

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর কামরুজ্জামানের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সোমবার সকাল থেকে যথারীতি পাবিপ্রবিতে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আহ্বায়ক মিজানুর রহমান সবুজ জানান, ছাত্র প্রতিনিধি ও ছাত্রলীগ নেতৃবৃন্দের রবিবার রাতে ভিসির সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভিসি শিক্ষার্থীসহ ছাত্রনেতাদের নিকট উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১০ দিনের সময় নেন। পাবিপ্রবি’র প্রক্টোর কামরুজ্জামান যোগদানের পর থেকে প্রকাশ্যে ছাত্রদল-শিবিরকে মদদ দেয়াসহ কারণে অকারণে শিক্ষার্থীদের হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি গ্রহণ করে।