এক বছর ৪ মাস তালাবদ্ধ থাকার পর অবশেষে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীর ফ্ল্যাটটি মালিকের কাছে ফেরত দেয়া হচ্ছে। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, শাহজালাল ডেভেলপার কোম্পানির রশিদ লজ এ্যাপার্টমেন্টের ৫ম তলার এ-৪ ফ্ল্যাটে গত বছরের ১১ ফেব্রুয়ারি এই দম্পতি খুন হন। এরপর থেকে ঐ ফ্ল্যাটটি মামলার তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর জিম্মায় ছিল। ফ্ল্যাটের মালিক সাজ্জাদ হোসেন এ ঘটনার পর থেকে ভাড়াও পেতেন না। র্যাব বিষয়টি মাথায় রেখে ফ্ল্যাটটি মালিকের কাছে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে.কর্নেল জিয়াউল আহসান জানান, ঘটনার পর থেকে এই খুনের সবচেয়ে বড় আলামত ঐ ফ্ল্যাটটি। কারণ কিভাবে ও কারা এই খুন করেছে তার জন্য ফ্ল্যাটটি হচ্ছে বড় আলামত। ঘাতকরা ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করেছে এবং কিভাবে বের হয়ে গেছে, তার ওপরই নির্ভর করছে এই ঘটনায় ঘাতকদের শনাক্তের উপায়।
সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলার বাদী নওশের আলম রোমান বলেন, ঐ ফ্ল্যাটটি মালিকের কাছে ছেড়ে দেয়ার বিষয়টি ধোয়াসা। কারণ এতদিন র্যাব কেনইবা ঐ ফ্ল্যাট তাদের জিম্মায় রাখলো, আর তদন্ত শেষ না করেই ফ্ল্যাটটি কেনইবা মালিককে ফেরত দেয়া হচ্ছে তা তাদের কাছে বোধগোম্য হচ্ছে না। হত্যা রহস্য উদঘাটনে র্যাব ১২৭ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত রুনির বন্ধু তানভীর রহমান, সাগর-রুনির ফ্ল্যাটের দারোয়ান পলাশ রুদ পাল, এনামুল ওরফে হুমায়ন ও ডা. নিতাই হত্যা মামলার ৫ আসামি কামরুল হাসান অরুন, পেশাদার ডাকাত রফিক, বকুল, মিন্টু, সাঈদকে গ্রেফতার রয়েছে।
