গাংনী উপজেলার বামন্দী শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনারুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার দসির উদ্দীনের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মিনারুল ইসলামের মরদেহ তার বামন্দী শহরের বাড়ি থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মিনারুল আজ সকাল থেকে একজন ইলেক্ট্রিক মিস্ত্রীকে সঙ্গে নিয়ে বামন্দী শহরের বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। দুপুরে ইলেক্ট্রিক মিস্ত্রী বাড়ি চলে যায়। মিনারুল নিজে বিদ্যুৎ লাইনের বাকি কাজগুলো করছিলেন। এক পর্যায়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
দুপুরের দিকে কয়েকজন ঘরে মিনারুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
