নরসিংদীর যমুনা হত্যা

আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বাদীকে হুমকির অভিযোগ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:১১
হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রায় ২ মাস অতিক্রান্ত হতে চলছেও নরসিংদীর চাঞ্চল্যকর যমুনা হত্যার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার একজন আসামিও ধরা পড়ছে না। যমুনা হত্যা মামলার আসামি স্বামী মেহেদী হাসান সনি, তার মা সামসুন্নাহার, মামা রফিক মিয়া, মামাত ভাই তারেক ও ফয়সাল নরসিংদী শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। উপরন্তু পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে আসামিরা মামলার বাদী নিহত যমুনার ভাই ফারুক হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আসামিদের ভয়ে বাদী ফারুক মামলা তদবিরের জন্য নরসিংদী শহরে ঢুকতে সাহস পাচ্ছে না। বিশেষ করে আসামি রফিক মিয়া ও তার ছেলেরাই মামলার বাদীকে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা উল্লেখ করে ফারুক হোসেন নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করার পরও পুলিশের টনক নড়ছে না। মামলা তদন্ত কার্যক্রমে পুলিশ সক্রিয় হচ্ছে না। পুলিশের সীমাহীন শৈথিল্যের কারণে যমুনা হত্যাকাণ্ডের মতে একটি জঘন্য ও অমানবিক ঘটনা ধামাচাপা পড়ার আশংকা দেখা দিয়েছে।