শ্রম অভিবাসনের কার্যকরী ব্যবস্থাপনা, অভিবাসী শ্রমিক বিশেষত নারীদের সুরক্ষা এবং নিয়োগ সম্পর্কিত ব্যবস্থাপনা সহজ করার সুপারিশ করে ‘ঢাকা স্টেটমেন্ট’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শেষে এই ঘোষণা দেয়া হয়। এসময় শ্রম সচিব ড. জাফর আহমদ খান, শ্রীলংকার শ্রম সচিব বিজয় রত্ন, আইএলও এর আঞ্চলিক মাইগ্রেশন বিশেষজ্ঞ নিলিম বড়ুয়া এবং আইএলও প্রতিনিধি নিশা উপস্থিত ছিলেন। সেমিনারে ১৪টি দেশ, অঞ্চলভিত্তিক সংস্থা ও সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মকর্তারা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, অভিবাসী শ্রমিক নিয়োগ সম্পর্কিত ব্যবস্থা শ্রমিক প্রেরণকারী ও গ্রহণকারী উভয় দেশকে যৌথ দায়িত্ব পালন করতে হবে। বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় গন্তব্য দেশগুলোর উচিত নতুন করে আইন প্রণয়ন করা, যাতে তারা সহজেই অভিবাসী শ্রমিকদের ক্ষতির সম্মুখীন করতে না পারে। অনৈতিক ও বেআইনি শ্রমিক নিয়োগ বন্ধ করতে উত্স দেশ ও গন্তব্য দেশ উভয়েরই কঠোর আইন করতে হবে। সেমিনারে অংশ নেয়া দেশগুলো অভিবাসনের খরচ কমানোর পক্ষে মত দেন। ‘ঢাকা স্টেটমেন্ট’ ঘোষণায় শ্রম অভিবাসনের কার্যকর ব্যবস্থাপনার উদ্দেশ্যে আইএলও এর নিয়ম মেনে চলা এবং তথ্য আদান প্রদান ও আঞ্চলিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন।
