আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি করার কোন প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ চিরদিনই গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নগরীর নির্বাচনী কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আকম মোজাম্মেল হক এমপি, সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক এমপি আক্তারুজ্জামান, নারী নেত্রী শিরিন আক্তার, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নাসিম ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।
