বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিএসপি সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়া এককভাবে দায়ী। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তিনি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সরকারের সাফল্য, দেশবাসীর কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, জিএসপি সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চিঠি লিখেছেন। শুধু তাই নয়, ভিসা বাতিল ও বাংলাদেশকে সাহায্য না করার জন্যও বিশ্বের বিভিন্ন দেশে তিনি চিঠি লিখেছেন। দেশ নিয়ে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া মহান সংসদে তার দেশবিরোধী নিবন্ধনের বিষয়টি অস্বীকার করেছেন। তাহলে কোন খালেদা জিয়া এ নিবন্ধন লিখেছেন। গ্রামীণ ব্যাংকের মজবুত অর্থনীতি এ সরকারের অবদান দাবি করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
ড. ইউনূসকে উদ্দেশ্য করে বনমন্ত্রী বলেন, আপনার সুনাম নষ্ট করার জন্য কিছু বিতর্কিত রাজনীতিবিদ আপনাকে বিভ্রান্ত ও আপনার সুনাম নষ্টের পাঁয়তারা করছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার রানা, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবীর মিজি প্রমুখ।
