দীপ হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৫২
বুয়েটের মেধাবী শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ রায়হান দীপের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শাহবাগের গণজাগরণ চত্বর থেকে এ মিছিল বের হয়। গতকাল বিকালে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে ইমরান এইচ সরকার এক লিখিত বিবৃতিতে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন আরিফ রায়হান দীপ। ৯ এপ্রিল হেফাজতের সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। দীর্ঘ তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান। আরিফ রায়হান দীপ ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর দিন থেকেই তার মেধা ও শ্রম দিয়ে আন্দোলনকে বেগবান করে আসছিলেন। ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরুর সময় দীপের হাতে লেখা পোস্টারগুলো ছিলো আন্দোলনের অগ্নিমশাল। তিনি আরো বলেন, ৫ এপ্রিল রাতে বুয়েটের শহীদ স্মৃতি হলের উগ্রপন্থী কিছু ধর্মান্ধ ব্যক্তি হলের বাবুর্চিদের দিয়ে খিচুড়ি রান্না করিয়ে মতিঝিলে সন্ত্রাসী সংগঠন হেফাজতের নেতাকর্মীদের জন্য পাঠাতে চাইলে দীপ তার নৈতিক অবস্থান থেকে বাধা দেন। হেফাজত সমর্থক ছাত্র নামধারী সন্ত্রাসীরা তখন দীপকে হুমকি দেয়। ৯ এপ্রিল নজরুল ইসলাম হলে তার ওপর বর্বরোচিত হামলা হয়। আরিফ রায়হান দীপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ডা. ইমরান। একই সঙ্গে দীপের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হেফাজতে ইসলামের সকল সন্ত্রাসীর গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করার জোর দাবি জানান তিনি।