গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভোট আসলে কত? কয়েক দিন ধরে জাতীয় পার্টির সমর্থন নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রীতিমতো সরগরম অবস্থা। গাজীপুর স্থানীয় জাতীয় পার্টি বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, আজমত উল্লা খান ছুটে গিয়েছিলেন পার্টির চেয়ারম্যান এরশাদের কাছে তার সমর্থন প্রত্যাশায়। তার কাছে ছুটছেন ১৮ দলীয় জোট প্রার্থী এম এ মান্নানও। দলটিকে নিয়ে এই টানাটানি দেখে অনেকের ধারণা তৈরি হয়েছে, এরশাদের বিশাল একটা ভোটব্যাংক আছে সেখানে।
তবে স্থানীয়রা বলছেন, প্রচারণায় জাতীয় পার্টির সমর্থন প্রসঙ্গ খুব আলোচনায় এলেও বাস্তবে দলটির ভোট খুব বেশি নয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এ) পুরো গাজীপুর জেলাতেই পেয়েছিল ৫৯ হাজার ভোট। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা সমগ্র জেলার চার ভাগের এক ভাগ জুড়ে থাকায় পুরনো হিসাবে জাতীয় পার্টির ভোট ১৫ হাজারের বেশি হওয়ার কথা নয়। তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির (এ) ভোট যাই হোক তারা যে স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন না দিয়ে বিএনপির অধ্যাপক এম এ মান্নানকে সমর্থন দিচ্ছে এই খবরটা গাজীপুরের মানুষের মাঝে প্রভাব ফেলবে। মানুষ দেখবে সরকার সমর্থিত প্রার্থীকে ছেড়ে যাচ্ছে তাদের শরীক দল। এটি বিএনপি প্রার্থীকে সুবিধা এনে দিতে পারে।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় পার্টি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ২০০৮ সালে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ায় এ নির্বাচনে দলটির একক ভোটের হিসাব পাওয়া সম্ভব নয়। ১৯৯১ সাল থেকে শুরু করে প্রতিবারই জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভোট কমতে দেখা গেছে পরিসংখ্যানে। ২০০১ সালে জাতীয় পার্টি (এ) সর্বশেষ এককভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে গাজীপুর জেলার চারটি আসনে সর্বমোট ৫৯ হাজার ৪১৯ টি ভোট পেয়েছিল দলটি। গাজীপুর- ১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী আফতাব উদ্দিন আহমেদ ৮ হাজার ৯৪১ ভোট, গাজীপুর-২ থেকে কাজী মাহমুদ হাসান ৩৮ হাজার ২০২ ভোট, গাজীপুর-৩ থেকে আশরাফ খান ৬ হাজার ৪৩৮ ভোট এবং গাজীপুর-৪ থেকে মোস্তাফিজুর রহমান পেয়েছিলেন ১ হাজার ২৭০টি ভোট।
