ইসলামী ছাত্রশিবির তাদের নিখোঁজ হওয়া নেতাদের সন্ধান, আদালতে হাজির ও কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে আজ বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। নিখোঁজ হওয়া নেতাদের মধ্যে রয়েছেন:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী, আবদুস সালাম, রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম, ইবি শিবির নেতা ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাস, ঢাকা মহানগরীর উত্তর শিবির নেতা নুরুল আমিন এবং ঢাকা মহানগরী পশ্চিম শাখার নেতা হাফেজ মো:জাকির হোসেন।
গতকাল এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার বুধবারের হরতালের কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বলেন, এই সরকার মানবাধিকার লঙ্ঘনের জঘন্য নজির স্থাপন করেই চলেছে। শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করে অমানবিক নির্যাতন, একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারা নির্যাতন করেই চলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই।
