মাহবুব শরীফ
চতুর্থ শিল্প বিপ্লবের যুগ হচ্ছে উদ্ভাবনের যুগ। চলমান ডিজিটাল শিল্প বিপ্লবের এই যুগে যারা উদ্ভাবন করবে না তারা টিকবে না, বিষয়টি চ্যালেঞ্জিং। উদ্ভাবনের দিক থেকে বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় দেশ। এরই ধারাবাহিকতায় আগামী ৫ বছরে বাংলাদেশের পরিবর্তন হবে অচিন্তনীয়। সম্প্রতি ঢাকায় জিপিও মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিং ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
বাংলাদেশ ডাক বিভাগের কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং ২০১৯-এ অংশগ্রহণ করলো বাংলাদেশ ডাক বিভাগ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস। অনুষ্ঠান সমাপনী করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ অন্যান্য কর্মকর্তা।
ইনোভেশন শোকেসিং ২০১৯-এ প্রদর্শিত উল্লেখযোগ্য উদ্ভাবনীগুলোর মধ্যে ছিলো বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’, বিটিআরসি-এর আইএমইআই ডাটাবেস ও এনওসি স্বয়ংক্রিয়করণ এবং কেন্দ ীয় বায়োমেট্রিক যাচাইকরণ প্লাটফর্ম, বিটিসিএল-এর বিটিসিএল ডায়ালার এবং টেলিটক-এর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর্তি ব্যবস্থা ও ফলাফল যাচাইকরণ এবং আইভিআর ব্যবহার করে দুর্যোগের আগাম বার্তা প্রদান। এই উদ্যোগটির সার্বিক সহায়তায় ছিলো এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ, ইউএস এআইডি এবং ইউএনডিপি।
