শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:২২
আড়াইহাজার উপজেলার ২টি পৌর নির্বাচন এখন বড় দুই দলের প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে। তাই শেষ মুহূর্তে প্রচারণায় মুখর হয়ে উঠেছে আড়াইহাজার ও গোপালদী পৌর এলাকা। তবে সকলের দৃষ্টি এখন গোপালদী পৌর নির্বাচনকে ঘিরে। কারণ, আড়াইহাজার পৌরসভা নির্বাচনে একক প্রার্থী দিতে সরকারী দল আওয়ামী লীগ ব্যর্থ হওয়ায় সেখানে জয়ের ব্যাপারে সপ্ন দেখছে বিরোধী দল। তাছাড়া প্রায় হাফডজন আওয়ামী লীগের প্রার্থী থাকায় স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতারা সেখানে প্রচারণা চালানো থেকে বিরত রয়েছেন। সরকার দলীয় নেতাকর্মীরা আক্ষেপের সাথে জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী জয়লাভ করেছিল। কিন্তু এবার নবগঠিত দুই পৌর নির্বাচনের ফলাফল নিয়ে তারা শংকিত। কারণ, দুটি পৌর নির্বাচনেই সরকার দলীয় প্রায় ১ ডজন মেয়র প্রার্থী মাঠে নেমেছেন। অপরদিকে ১ জন বিদ্রোহী প্রার্থী থাকলেও বেশ খোশ মেজাজে রয়েছেন বিএনপি দলীয় প্রার্থী। শুধু মেয়র পদেই নয়, কাউন্সিলর পদেও বড় দুই দলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আড়াইহাজার পৌর নির্বাচনে মোট ১১ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ জন আওয়ামী লীগের এবং ৪ জন বিএনপির দলীয় প্রার্থী রয়েছেন। এর মধ্যে পারভিন আক্তারকে বিএনপি সমর্থন দেয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. রুহুল আমিন মোল্ল¬া, সাবেক ভিপি কবির হোসেন দলীয় স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বিএনপির প্রার্থী পারভিন আক্তার কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন বলে জানা গেছে। আড়াইহাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের ৭ জন মেয়র প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী মিয়া, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন, সদর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক জুয়েল ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। আড়াইহাজার ও গোপালদী পৌর নির্বাচনে জয়ী হতে মরিয়া আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার গোপালদী পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আবুল বাশার কাশুর পক্ষে গোপালদী বাজারে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ এএম বদরুজ্জামান খান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক এএফএম ইকবাল, জেলা তরুণ দলের সহ-সভানেত্রী বিউটি আক্তার, যুবদল নেতা মাসুদ পারভেজ। পরে তারা আড়াইহাজার পৌর মেয়র প্রার্থী পারভিন আক্তারের পক্ষে গণসংযোগ করেন। গোপালদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি দিন-রাত ব্যাপক গণসংযোগ করে রফিকের তালা মার্কায় ভোট চাচ্ছেন। মঙ্গলবার দাইরাদী এলাকায় এমপি বাবু এক পথ সভায় রফিককে ভোট দেয়ার আহবান জানান। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ আব্দুল হালিম শিকদারের পক্ষে মাঠে নামেন মহাজোটের শরীক জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আলমগীর শিকদার লোটন। তিনি হালিম শিকদারকে আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। তবে আড়াইহাজার পৌর মেয়র পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় কোন শীর্ষ পর্যায়ের নেতারাই তাদের পক্ষে মাঠে নামেননি। উল্লেখ্য, আগামী ৬ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।