রিনা সুলতানা লাভলী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী। তাকে নিয়ে ভোটারদের মাঝেও বেশ আলোচনা ও সমালোচনা চলছে। তিনি গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার বাসিন্দা। তিনি এইচএসসি পাস, পেশায় টেইলারিং ব্যবসায়ী। তার প্রতীক প্রজাপতি। ভোটারদের কাছে তেমন পরিচিত নন। এর আগে নির্বাচনও করেননি। কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন তিনি। নারীর ক্ষমতায়ন ও দুঃখী মানুষের অবস্থা পরিবর্তনের জন্যই তিনি প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন বলে জানান।
গতকাল বুধবার ইত্তেফাকের এ প্রতিনিধির কাছে দেয়া সাক্ষাত্কারে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আমি মা হারা চির দুঃখিনী। এজন্য দুঃখী মানুষের সেবা করতে চাই। তাদের অবস্থা পরিবর্তন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে আমি মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই।
এছাড়া তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গার্মেন্টস শ্রমিক ও নারী শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। তিনি বলেন, একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরীর পরিত্যক্ত আবর্জনা নিয়ে জৈব সার তৈরি করে গ্রামের কৃষকদের মধ্যে স্বল্পমূল্যে বিতরণ করব। নগরীর রাস্তাঘাট, অলিগলি গাছ লাগিয়ে মহানগরকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা হবে।
