বিদ্যুত্ জ্বালানি গবেষণা কাউন্সিলের খসড়া চূড়ান্ত

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৫১
বাংলাদেশ বিদ্যুত্ জ্বালানি গবেষণা কাউন্সিল গঠনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই কাউন্সিল বিদ্যুত্ ও জ্বালানি সমস্যা সমাধানে নতুন উপায় খুঁজতে সহায়তা করবে। বুধবার বিদ্যুত্ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বীব বিক্রম বৈঠকের সভাপতিত্ব করেন। এই কাউন্সিল দেশের ভবিষ্যত্ জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা করবে। একই সাথে সমন্বয়, নিয়ন্ত্রণ ও গবেষণা করবে। কাউন্সিল অন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে চলবে। বিদ্যুত্ ও জ্বালানি গবেষণা উন্নয়ন তহবিল নামে এই কাউন্সিলের একটি তহবিল থাকবে। সেখান থেকে তারা খরচ করবে। আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা ও মন্ত্রিসভার অনুমোদন নিয়ে আইন পাসের জন্য জাতীয় সংসদের অধিবেশনে পাঠানো হবে। আগামী সংসদ অধিবেশনেই এই কাউন্সিলের বিল সংসদে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে।