টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে প্রণীত জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) প্রকাশ করা হয়েছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার আনুষ্ঠানিকভাবে দলিলটির মোড়ক উন্মোচন করা হয়।
পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার, বীর উত্তম অনুষ্ঠানে প্রধান অতিথি, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এনএসডিএস-এ প্রস্তাবিত কৌশলসমূহ দেশের প্রবৃদ্ধি উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখবে। এ কৌশলপত্রের রূপকল্প হল একটি সুখী সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ অর্জন যা ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও দুর্নীতিমুক্ত এবং যেখানে একটি উন্নত পরিবেশ বজায় থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমোদন করে। কৌশলপত্রে টেকসই উন্নয়ন অর্জনে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য উত্পাদনশীল কর্মসংস্থান, গুণগত শিক্ষার প্রবেশাধিকার, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশের সুবিধা প্রদানকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন, জ্বালানি নিরাপত্তা, অদক্ষ পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনকেও কৌশলপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলপত্রে ৫টি কৌশলগত অগ্রাধিকার খাত এবং ৩টি সাধারণ খাত চিহ্নিত করা হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহার, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য কৌশলপত্র, প্রেক্ষিত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এনএসডিএস প্রণয়ন করে। অনুষ্ঠানে জিইডির সদস্য ড. শামসুল আলম কৌশলপত্রটির বিভিন্ন দিক উপস্থাপন করেন।
