চট্টগ্রামে গুদামে একশ’ টন পচা গম

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪১
নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকার একটি ব্যক্তি মালিকানাধীন গুদামে প্রায় ১০০ টন পচা গম ও ১ হাজার ২৫০ কেজি মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সালফেট সারের সন্ধান পেয়েছে পুলিশ। এছাড়া ওই গুদামে এক বস্তা চুনাপাথর ও গ্যালভানাইজড লোহার তারের ১৫টি রোল পাওয়া গেছে। গুদামজাতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব গমকে মাছের খাদ্য হিসেবে দাবি করা হলেও পুলিশের ধারণা, বাজারজাত করার জন্যই এসব পণ্য ওই গুদামে রাখা হয়েছিল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল বুধবার বিকালে গুদামটি সিলগালা করে দিয়েছেন। সংশ্লিষ্টরা বলেন, পচা গমগুলো মাছের খাবার হিসেবে ব্যবহারের উপযোগী নয়। এসব বিষাক্ত গম মাছ, মুরগি কিংবা অন্য প্রাণীকে খাওয়ানোর পর সেসব মাছ-মুরগি যদি মানুষ খায় এতে তাদের স্বাস্থ্যও হুমকির মুখে পড়বে। পুলিশ জানায়, গুদামটির মালিক সেলিম খলিফা এবং গুদামে রাখা পণ্যের মালিক আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকার জেনারেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আদনান ইসলাম। নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় দোভাষ বিল্ডিং সংলগ্ন ওই গুদামে গত সোমবার তিনটি গাড়ি এবং মঙ্গলবার দু’টি গাড়িতে করে এসব গম গুদামে আনা হয়। গতকাল বুধবার দুপুরে সদরঘাট থানা পুলিশ গুদামে অভিযান চালায়। পচা গমের সন্ধান নিশ্চিত হওয়ার পর পুলিশের আহ্বানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ ও বিএসটিআই কর্মকর্তা শাফায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে গমের মান সম্পর্কে নিশ্চিত হন। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী ইত্তেফাককে বলেন, গুদামে রাখা গমগুলো পচে জমাট বেঁধে কয়ল?ার মত হয়ে গেছে। পচা গমের দুর্গন্ধ আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়েছে।