প্রধানমন্ত্রী আজ যুক্তরাজ্য যাচ্ছেন

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪১
যুক্তরাজ্য ও বেলারুশে সপ্তাহব্যাপী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রী ৪ থেকে ৮ জুলাই যুক্তরাজ্য সফর করবেন। এরপর সেখান থেকে যাবেন বেলারুশে। সেখানে তিনি ৮ থেকে ১০ জুলাই অবস্থান করবেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ব্রিটেনের রাজধানীতে অবস্থানকালে শেখ হাসিনা দেশের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে ৪ জুলাই বৈঠক করবেন। ৫ জুলাই তিনি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি সমপ্রদায়ের এক সমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ৮ জুলাই যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক প্রাতঃরাশ সভায় মিলিত হবেন। যুক্তরাজ্য সফর শেষে ওইদিনই শেখ হাসিনা বেলারুশের রাজধানী মিনস্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। বেলারুশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট হোটেলে অবস্থান করবেন। শেখ হাসিনা বেলারুশে তাঁর তিন দিনের সরকারি সফরকালে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনায় অংশ নেয়া ছাড়াও হাউস অব গভর্নমেন্টে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মায়াসিনকোভিচের সঙ্গে একান্ত বৈঠক করবেন। একান্ত বৈঠকের আগে শেখ হাসিনা মিনস্কের স্বাধীনতা স্কয়ারে তাকে দেয়া এক আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পরে দুই প্রধানমন্ত্রী এক যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী তুরস্কের ইস্তাম্বুল হয়ে ১১ জুলাই বিকেলে দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।