‘বিদেশি কোন সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়নি’

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ০০:০১
কোন বিদেশি সাংবাদিকের সঙ্গে দেখা হয়নি এবং সাক্ষাত্কার দেননি বলে জানিয়েছেন রেশমার সহকর্মী এনামুল হক মিলন। সাভারের ধসে পড়া রানা প্লাজা থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমাকে নিয়ে ব্রিটেনের ডেইলি মিররের প্রকাশিত সংবাদে এনামুলকে জড়িয়ে দেয়া তথ্য মিথ্যা বলে তিনি দাবি করেছেন। মিথ্যা তথ্য প্রচারিত হওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি করে এনামুল ওই সাংবাদিকের (সাইমুন রাইট) শাস্তিও দাবি করেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সম্প্রতি তাকে উদ্ধৃত করে ব্রিটিশ ট্যাবলয়েট ডেইলি মিরর এবং ডেইলি মেইল রেশমাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। এনামুল বলেন, ঘটনার দিন আমি আর রেশমা পাশাপাশি ছিলাম। সকালে রেশমা আমার ফোন দিয়ে তার বাড়িওলার সঙ্গে কথা বলেন। এরপর ভবন ধসে পড়ার সময় আমি দৌড় দিয়ে সিঁড়ির কাছে যাই। আমি দুইটি সিঁড়ির মাঝখানে আটকা পড়ি। পরে জানালা ভেঙে বের হই। রেশমা ওই ফ্লোরে আটকে ছিল। এরপর আর রেশমার সঙ্গে আমার দেখা বা কথা হয়নি। এনামুল আরো বলেন, যে বিদেশি সাংবাদিক আমার কথা পত্রিকায় ছাপিয়েছে তার সঙ্গে আমার কখনই দেখা হয়নি। এমনকি কথাও হয়নি। তবে শাহিন নামে আমাদের এলাকার এক সাংবাদিক আমাকে বলেছিল বিদেশি এক সাংবাদিক আমার সঙ্গে কথা বলবে। কথা বলার পর তারা আমাকে সাহায্য দেবে। সাংবাদিক শাহিনের পরদিন দেখা করার কথা ছিল। কিন্তু সকালে তারা যোগাযোগ না করায় আমি ফেরি করে মালামাল বিক্রি করতে যাই। দুপুরের দিকে শাহিন আমাকে ফোন করলে আমি বাড়িতে ফিরে আসি। তবে বাড়িতে অনেক লোকজন দেখে আমার মা এবং বউ ভয় পেয়ে আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করে। এরপর আমি আর বাড়িতে যায়নি। তিনি বলেন, আমাকে জড়িয়ে বিদেশি পত্রিকায় যে তথ্য প্রচার করা হয়েছে তা মিথ্যা।