গল্প নয় সত্যি

ধূমপান ছাড়ার জন্য!

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:১১
ভালোভাবে বেঁচে থাকার জন্য ধূমপান ছেড়ে দেওয়াটা যে কতটা জরুরি এটা সকল ধূমপায়ীরই কমবেশি জানা। তবে চাইলেই যে খুব সহজে এই মরণ নেশা থেকে বেরিয়ে আসা যায় না সেটাও প্রায়শই দাবি করেন ধূমপায়ীরা। আর এ বিষয়টি নতুন করে প্রমাণ করার জন্যই কি না কে জানে, এবার কিন্তু ধূমপান ছাড়ার জন্য অভিনব এক পন্থাই বেছে নিয়েছেন তুরস্কের এক অধিবাসী। ইব্রাহিম ইউসেল নামের ৪২ বছর বয়সী এই ব্যক্তি ধূমপান ছাড়ার জন্য তার মুখের চারপাশ ও মাথায় পরিধানের জন্য রীতিমতো লোহার একটি খাঁচা বানিয়ে নিয়েছেন। প্রতিদিন সকালে কাজে বেরুনোর আগে তার স্ত্রী বা কন্যা এটি তালাবদ্ধ করে দেন এবং চাবিটি তাদের কাছে জমা রাখেন। ফলে দিনের কোনো সময়ে ধূমপানের ইচ্ছা থাকলেও সেটি করার সুযোগ হয় না ইব্রাহিমের। তবে মাথায় পরিধানের জন্য বানানো বিশেষ এই খাঁচায় নিঃশ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত ফাঁকা স্থান থাকায় সেটি তার স্বাভাবিক কর্মকাণ্ডে সাংঘাতিক কোনো বিঘ্ন ঘটায় না বলেই দাবি ইব্রাহিমের। এদিকে ধূমপান ছাড়ার জন্য এমন অভিনব পন্থা অবলম্বনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইব্রাহিম জানান, গেল ২৬ বছর ধরে তিনি নানাভাবে ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন। তবে কোনোবারেই একটানা খুব বেশিদিন এই মরণ নেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন নি। এদিকে কিছুদিন আগে তার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা যাওয়ার পর ধূমপান ছাড়ার তাগিদ আরও বেশি করে অনুভব করেন ইব্রাহিম ইউসেল। এ সময় মোটরবাইক আরোহীদের হেলমেট দেখেই প্রথমবারের মতো তার মাথায় এ রকম কিছু একটা বানানোর বুদ্ধি আসে। আর সেই বুদ্ধিকে বাস্তবে প্রয়োগ করেই ধূমপান-নিরোধী অভিনব এই হেলমেট তৈরি করে তাতে তালা লাগানোর ব্যবস্থা করে নেন ইব্রাহিম।