স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পর থেকেই বিশ্রামে রয়েছেন দেশের সিংহভাগ ক্রিকেটার। দুই সপ্তাহ বিশ্রামের পর ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমারদের অনুশীলনে থাকার সুযোগ করে দিয়েছে বিসিবি। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ ‘এ’ দলের দুটি সিরিজ রয়েছে। মূলত ‘এ’ দল গঠনের লক্ষ্যেই ২৪ ক্রিকেটারকে নিয়ে এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে।
বিশেষ এই ক্যাম্প নিয়ে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন গতকাল জানিয়েছেন, ‘সামনে জাতীয় দল, ‘এ’ দলের খেলা আছে। প্রিমিয়ার লিগের পর থেকে কোনো খেলা ছিল না। সবাইকে প্রস্তুত রাখতেই এই ক্যাম্প। আর ক্যাম্পটা খুব বড় করা হচ্ছে না।’
তবে এই ক্যাম্পে জায়গা হয়নি নাঈম ইসলাম, শাহরিয়ার নাফিসদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের। প্রিমিয়ার লিগে ৫২৫ রান করেছিলেন নাঈম ইসলাম। লিগের নবম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। পেস বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদ লিগে ভালো বোলিং করেছেন। রূপগঞ্জের হয়ে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার হয়েছেন। তিনিও ক্যাম্পে ডাক পাননি।
এদিকে মিরপুর স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্প। আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প। ক্রিকেটারদের স্কিল নিয়েই বেশি কাজ হবে। ক্যাম্পটা পরিচালনা করবেন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল। গতকাল বিসিবি একাডেমিতে এই ক্যাম্প নিয়ে তিনি বলেছেন, ‘২৪ জনকে নিয়ে একটি ক্যাম্প হচ্ছে। বিশ্বকাপে যদি কারো ইনজুরি হয়, তখন যাতে এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। আসলে যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দলটি তাদের নিয়েই গড়া হয়েছে।’
এছাড়া এই ক্যাম্পে স্পিন বিভাগে ওয়াহিদুল হক গনি, পেস বোলিংয়ে তালহা জুবায়ের ও বিসিবির পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের কেউ কেউ এখন আয়ারল্যান্ডে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে তারাও এই ক্যাম্পে যোগ দেবেন।
বিশেষ এই ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন
এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রকিবুল হাসান, ফজলে রাব্বি, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান, তানভীর হায়দার, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, খালেদ আহমেদ, এবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ।
