নদীতে বর্জ্য ফেলা রোধে জরুরি ব্যবস্থা নিন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১০
হাসপাতালের বর্জ্য এবং ওয়াসার ড্রেনেজের মাধ্যমে বর্জ্য কোনভাবেই ঢাকা ও এর আশপাশের নদ-নদীতে ফেলা যাবে না। পাশাপাশি ওয়াসার ড্রেনেজের মাধ্যমে পরিবাহিত পানি ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। কমিটি চলতি নবম সংসদের প্রথম থেকে ১৭তম অধিবেশনে পানি সম্পদ ও নৌ-পরিবহন মন্ত্রীর দেয়া সকল প্রতিশ্রুতি শিগগিরই বাস্তবায়ন করতে বলেছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পরিবেশ দূষণ রোধে স্থানীয় হাসপাতালগুলোর সকল ধরনের বর্জ্য এবং ওয়াসার ড্রেনেজের মাধ্যমে ফেলা বর্জ্য কোনভাবেই যাতে ঢাকার আশপাশে নদ-নদীতে গিয়ে না পড়ে তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। পানি সম্পদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ইতিপূর্বেকার ছয়টি বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে নবম সংসদের প্রথম থেকে ১৭তম অধিবেশনে দুটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সংসদ ফ্লোরে দেয়া সকল প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি কমিটি প্রদত্ত সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। পানি সম্পদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়কে ব্যক্তি স্বার্থের পরিবর্তে দেশের অগ্রগতির বিষয়কে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটিতে অব্যাহত জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য ও কৃষিজাত পণ্যের চাহিদার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটি দেশের যেসব এলাকায় বেশি পরিমাণ খাদ্য ও কৃষিপণ্য উত্পাদন করা যায় তা চিহ্নিত করতে বলেছে। সেই সাথে পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য রাশেদ বেগম হীরা, খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং আইএমইডি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।