ভালভার্দের পাশে বার্সেলোনা

আপডেট : ১২ মে ২০১৯, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পরও ক্লাব সভাপতি জোসেপ বার্তেমিউয়ের সমর্থন পাচ্ছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। এমনটা কোচ ভালভার্দে নিজেই জানালে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও গত মঙ্গলবার ফিরতি লেগে লিভারপুলের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি ছিল এ যাবত্কালে লিভারপুলের সেরা প্রত্যাবর্তন।

ওই পরাজয় ক্লাবটিতে ভালভার্দের ভবিষ্যত্ হুমকির মুখে পড়ে গেছে। যদিও দায়িত্ব পালন করে যাবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রবিবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এ কোচ বলেন, ‘আমি সেটি নিয়ে ভাবছি না। মোটেই না। আমি ভালো আছি। দায়িত্ব চালিয়ে যাবার মতো সামর্থ্যও আছে। এখন আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এক ধাপ আগে বেড়ে পরিস্থিতির মোকাবিলা করা। পাথরের নিচে লুকিয়ে থেকে লাভ নেই।’

ক্লাব সভাপতি বার্তেমিউয়ের সঙ্গে কথা হয়ে ভালভার্দের। তিনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি সব সময় তার সমর্থন পেয়ে থাকি, ক্লাবের সমর্থন পেয়ে থাকি। জানি, যখন এরকম একটি বিপর্যয়ের মুখে পড়বেন, তখন সব কিছুই নড়বড়ে হয়ে যায়। মনে হয় শিশুদের মতো সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। কিন্তু আপনাকে পুনর্গঠন করতে হবে।’

ইতোমধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। চলতি মাসের শেষদিকে কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে লাভ করবে ঘরোয়া টুর্নামেন্টের দ্বিমুকুট। কিন্তু দু’টি ট্রফি মিলেও লিভারপুলের কাছে হারের ক্ষত পূরণ করতে পারবে না। - বাসস