প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বৃহস্পতিবার নগরীতে চেম্বার হাউস প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ এমপি, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ও ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করছে। তিনি চেম্বারের এ কার্যক্রমকে মহতী উদ্যোগ উল্লেখ করে সমাজের বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলো এ দৃষ্টান্ত অনুসরণ করলে দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন। এমএ লতিফ প্রতি অফিসের সামনে এ ধরনের একটি বিক্রয় স্টল স্থাপন করে রমজান মাসে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসতে সবাইকে আহবান জানান।
