বাণিজ্যিক শহর চৌমুহনীতে এমনই অসহনীয় যানজটের সৃষ্টি হয়, যা পুরো নোয়াখালীর দুঃখ হয়ে দাঁড়িয়েছে। এ যানজট থেকে মুক্তির জন্য শহরের প্রধান সড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ সমাপ্তের সময়সীমা অনেক পূর্বে পার হয়ে গেলেও কাজ কবে শেষ হবে তা অনিশ্চিত।
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক ও শিল্প শহর চৌমুহনীর ওপর দিয়ে নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন রুটের এবং বরিশাল ও ভোলা থেকে চট্টগ্রামগামী বাস আসা-যাওয়া করে। তাছাড়া দৈনিক শত শত মালবাহী ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। চৌমুহনী শহরের প্রধান সড়কের জায়গা দখল করে দোকানপাট, পাকা ভবন নির্মাণ করায় সড়ক সরু হয়ে গেছে। এছাড়া সড়কের ওপর কাঁচামাল, সবজি, ফলের দোকান এমনকি মাছের দোকান বসায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। ফলে শহরের প্রধান সড়কের বড়পোলের পূর্বপ্রান্ত থেকে ডেলটা গেট পর্যন্ত অর্ধ কিলোমিটার অতিক্রম করতে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায়। এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া এ যানজটের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্রাইভাররা চৌমুহনীতে মালামাল বহন করতে অনীহা প্রকাশ করে। অতিরিক্ত ভাড়া দিতে হয়। এ ব্যাপারে চৌমুহনী পৌর সচিবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়কের ওপর দোকান বসার জন্য কোন মহাল ডাক দেয়নি। অবৈধ দোকানদারদের সরিয়ে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।
