লালমনিরহাটে বাস খাদে, আহত ৪৫

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২১
লালমনিরহাটের কালীগঞ্জে গতকাল বৃহস্পতিবার দুপুরে মৈত্রী পরিবহনের রংপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৪৫ যাত্রী আহত হয়েছেন। বিভিন্ন যানবাহনে করে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত নয়জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন, সেলিনা আক্তার (৪৬), মশিউর (৩০), নয়না (২৩), পবিত্র (৩৫), মংলু (৩০), জুড়ান চন্দ শীল (৫৫), হামিদুল ইসলাম (৪৫), আবুল হাসেম (৪৩), হিমু বেগম (২)। আহত আরো আটজন উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীদের সূত্রে জানা গেছে, পাটগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে উপজেলার কাকিনা রেলক্রসিংয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির দরজা মাটির সাথে চাপা পড়ায় যাত্রীরা বের হতে পারছিলেন না । পরে এলাকাবাসী এসে বাসটির জানালা ভেঙ্গে যাত্রীদেরকে উদ্ধার করে।