২০ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেবে গ্রামীণ ব্যাংক কমিশন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৬
আগামী ২০ জুলাই গ্রামীণ ব্যাংক কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকের আগে অর্থ মন্ত্রণালয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান সাবেক সচিব মামুন-উর-রশিদ অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। সরকার গঠিত গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন কবে দেয়া হবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ মাসের ২০ তারিখ পর্যন্ত কমিশনের মেয়াদ রয়েছে। এর আগে তো দেয়া সম্ভব হবে না।’ কমিশন তাদের সময়সীমার মধ্যেই প্রতিবেদন দেবে এবং সে মোতাবেক ব্যবস্থাও নেয়া হবে। এদিকে সংসদে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইউনূস সেন্টার সম্প্রতি যে বক্তব্য দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ প্রসঙ্গে এখন কোনো মন্তব্য করবো না। যথাসময়ে এর জবাব দেয়া হবে।’ উল্লেখ্য, গত বছর মে মাসে গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করা হয়। গত ফেব্রুয়ারিতে কমিশন সরকারের কাছে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করে। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের সকল সহযোগী প্রতিষ্ঠান ও গ্রামীণ ফোন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকবে।