শুক্রবার শ্রীনগর উপজেলার সমসপুরের দোগাছি হেলিপ্যাড থেকে এক যুবকের (৩২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে হেলিপ্যাড এলাকার বালির নিচে হাত-পা বাঁধা গলিত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ধারণা হত্যার পর দুর্বৃত্তরা লাশটি প্রায় এক মাস আগে এখানে গুম করার চেষ্টা করে। হত্যা মামলা হয়েছে। উল্লেখ্য এই নিয়ে গত ৬ মাসে মুন্সীগঞ্জ জেলায় অন্তত ১১ লাশ উদ্ধার হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, অপহরণের ৮ দিন পর গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের একটি জঙ্গল থেকে আজাদ মন্ডল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, বয়েড়াতলা গ্রামের মকর মন্ডলের ছেলে আজাদ গ্রামের দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। হতদরিদ্র পরিবারের এ ছেলে ছুটির দিনে বাড়ির পাশের একজনের আলমসাধু গাড়ি চালিয়ে সংসারের খরচ যোগাত। গত ২৮ জুন সে আলমসাধু নিয়ে রাস্তায় নামে। এরপর আর বাড়ি ফিরেনি।
