পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক কৃষকের ১৫টি মহিষ লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঐ কৃষকের মাছের ঘেরের বাঁধ কেটে দেয়। এর দুইদিন আগে ক্যাডাররা নূরু হাওলাদারের খালগোড়া বাজারে মুদি দোকানে লুটপাট ও ভাঙচুর করে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরহেয়ারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার চরগঙ্গা গ্রামের নূরু হাওলাদারের সাথে চর হেয়ারের ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার রাঙ্গাবালীর খালগোড়া বাজারের নূরু হাওলাদারের মুদি দোকানে হামলা করে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সরকারি দলের এক শীর্ষ নেতা বিচার করার আশ্বাস দিলে মামলা করেনি ক্ষতিগ্রস্তরা। উপরন্তু সন্ত্রাসীরা রাঙ্গাবালী থানায় নূরু হাওলাদারসহ পরিবারের ৭ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা করে। বৃহস্পতিবার বিকালে ১৫/২০ জন সন্ত্রাসী নূরু হাওলাদারের মাছের ঘেরের বাঁধ কেটে দেয় এবং মহিষের ঘর ভাঙচুর করে ১৫টি মহিষ লুট করে নিয়ে যায়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান জানান, চর হেয়ার বিচ্ছিন্ন এলাকা আবহাওয়া ভালো হলেই ব্যবস্থা নেয়া হবে।
