ভারতীয় শিক্ষা মেলা আজ শেষ

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৮
ভারতে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দুইদিনব্যাপী শিক্ষা মেলা শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল এ শিক্ষা মেলার উদ্বোধন করেন। মেলায় ভারতের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও বোর্ডিং স্কুলের পৃথক স্টল রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান ইউজিসি, এআইসিপিই, ভারত সরকার ও অন্যান্য সহযোগী সংস্থার অনুমোদনপ্রাপ্ত। শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ভোকেশনাল কোর্স করার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পঙ্কজ শরণ বলেন, পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ এবং ভারতকেও এ পরিবর্তনের ধারাকে অনুধাবন করতে হবে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে একসঙ্গে কাজ করতে হবে। দুই দেশের নাগরিকদের দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, এটুজেড স্টাডির এমডি হুসাইন মো. শামীম, অ্যাপেয়ার্স এক্সিভিশনের এমডি সঞ্জীব বলিয়া প্রমুখ।