স্নোডেনকে বিয়ের প্রস্তাব রুশ গোয়েন্দার

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:৩৪
বিশ্বের কোনো নারী এখন হয়তো তাকে বিয়ে করতে চাইবে না। হয়তো এ অবস্থায় একটু দুশ্চিন্তায় ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনএসএ) তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন। কিন্তু এ দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে স্নোডেনকে বিয়ে করার প্রস্তাব দিলেন সুন্দরী রুশ গুপ্তচর আনা চ্যাপম্যান। মোহিনী নারী গুপ্তচর আনা টুইটারে লিখেছেন, স্নোডেন আমাকে বিয়ে করবে? এ প্রস্তাবের পর স্নোডেনের মতিগতি এখনো জানা যায়নি। খবর ফক্সনিউজ’র। গত ২৩ জুন থেকে মস্কোর শেরমেতেভো বিমান বন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন স্নোডেন। রাজনৈতিক আশ্রয়ের জন্য বেশ কয়েকটি দেশে আবেদন জানিয়েছেন তিনি। এখন সেসব আবেদনের জবাবের অপেক্ষায় রয়েছেন। তার এ দুঃসময়ে টুইটারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিলেন আনা চ্যাপম্যান। বুধবার আনা তার টুইটার একাউন্টে বিয়ের প্রস্তাবের কথা লেখেন। কূটনীতিকের মেয়ে আনা ২০১০ সালে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো ১০ জন সহযোগীসহ মার্কিন কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন। পরে নিজ নিজ পক্ষের বন্দী গুপ্তচরদের বিনিময়ের মাধ্যমে ২০১০ এ রাশিয়ায় ফিরে আসেন তিনি। দেশে ফেরার পরে রাশিয়ার ছোটখাট তারকা বনে যান তিনি। কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া রাশিয়ার প্রধান ক্রেমলিনপন্থি দলের তরুণ নেতৃত্বের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইন্টারনেট ও ফোনে আাাড়িপাতার গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস করে নিজ দেশের সরকারের রোষানলে পড়েন এনএসএ’র সাবেক ঠিকাদার স্নোডেন। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।